ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালত হানা দিলেন পাহাড় কেটে বালু তোলার সময়

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পূর্ব কোদালায় অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার ষাটতলী এলাকায় অভিযানটি পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান।


বহুদিন যাবৎ উক্ত এলাকায় একশ্রেণির প্রভাবশালী বালু দস্যু প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলন আসছিল। তারা ইতোমধ্যে তিনটি পাহাড় কেটে বালু স্তূপ করে পাচারের জন্য রেখে ছিল।


এরপর প্রশাসন বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে। অভিযানে বালু তোলার তিনটি ড্রেজার মেশিন, সাড়ে চারশ ফুট পাইপ, ১৫ লিটার ডিজেল এবং ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।


এ দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা বালু উত্তোলনের যন্ত্রপাতি রেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদের নেতৃত্বে বিজিবি জোয়ান ও চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ছড়া, পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে। যা আইনত সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ বিপর্যয় ঘটছে।


পরে জনসম্মুখে বালি তোলার পাইপ ধ্বংস করা হয় এবং জব্দকৃত ড্রেজার মেশিন, বালি ও ডিজেল ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমার জিম্মায় রেখে নিলামের ব্যবস্থা করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑